নাসিরনগরে চোখে টর্চের আলো পড়া নিয়ে বিরোধ, কিশোরকে কুপিয়ে হত্যা
নাসিরনগরে টর্চের আলো চোখে ফেলার ঘটনায় প্রতিপক্ষের লোকজন মোসাব্বির হোসেন (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার ঈদের দিন রাতে উপজেলার বড়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোসাব্বির হোসেন নাসিরনগর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড বড়শির গ্রামের আবু মিয়ার ছেলে। বাবাকে নৌকা চালানোর কাজে সহায়তা করত সে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গুজিয়াখাইল গ্রামের সরদার বাড়ি এবং ৬ নম্বর ওয়ার্ডে বড়নগর গ্রামের আফতাব মিয়া গোষ্ঠীর প্রভাব আছে। ওই দুই গোষ্ঠীর কিশোরদের মধ্যে গান শোনার সময় টর্চের আলো ফেলাকে কেন্দ্র করে কথা–কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আফতাব মিয়ার গোষ্ঠীর অনুসারী মোসাব্বিরকে কুপিয়ে হত্যা করে মেঘনা নদীর পাড়ে ফেলে রাখা হয়। তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল গণমাধ্যমকে জানান, ঈদের দিন সন্ধ্যায় বাবুলসহ তার বন্ধুরা গান শুনছিল। অন্ধকারে টর্চলাইট জ্বালালে সেই আলো কয়েকজনের চোখে লাগলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে ও কুপিয়ে তাকে হত্যা করা হয়।
নাসিরনগর থানার ওসি শাহীনুর ইসলাম জানান, নিহত বাবুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। রাতেই বাবুলের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















