Main Menu

হতদরিদ্রের তালিকায় ছেলে-ভাইয়ের নাম

কসবা উপজেলার মেহারী ইউপি চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত

[Web-Dorado_Zoom]

প্রধানমন্ত্রীর দেয়া আড়াই হাজার টাকার তালিকায় নিজের ছেলে ও আপনভাইসহ নয়জন নিকট আত্মীয়ের নাম অন্তর্ভুক্ত করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউপি চেয়ারম্যান মো. আলম মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার চেয়ারম্যান আলমকে বরখাস্ত করে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতি করার অভিযোগের বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান ইউপি চেয়ারম্যান আলম মিয়াকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম মিয়ার বিরুদ্ধে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের জন্য মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া আড়াই হাজার টাকার তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠে। ক্ষমতার অপব্যবহার করে তালিকায় নিজের ছেলে ও আপন ভাইসহ নিকট আত্মীয়দের নাম অন্তর্ভুক্ত করেন তিনি।

পরবর্তীকালে অভিযোগ তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন ও কসবা উপজেলা প্রশাসন। ওই দুই কমিটি চেয়ারম্যান আলম মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতি করে ছেলে ও আপন ভাইসহ নয়জন নিকট আত্মীয়ের নাম অন্তর্ভুক্ত করার সত্যতা পায়।

এরপর ৮ জুন জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। পরবর্তীকালে চেয়ারম্যানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করে চিঠি দেন জেলা প্রশাসক।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares