Main Menu

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: মুশফিকুর রহমান

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় আখাউড়া উপজেলা মিলনায়তনে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। তবে আখাউড়ার শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো করার সুযোগ রয়েছে। জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষাব্যবস্থার অতীত পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, আগে পরীক্ষায় নকলসহ নানা অনিয়মের সুযোগ ছিল। ফলে পাসের হার বেশি হলেও অনেক শিক্ষার্থী বাস্তব দক্ষতায় পিছিয়ে ছিল। চাকরির পরীক্ষায় গিয়ে অনেকে লিখতেও পারত না।
তিনি বলেন, ‘এ রকম শিক্ষার পরিবেশ আর থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকারের নীতি হচ্ছে শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।’ কৃতি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন এবং প্রাথমিক বৃত্তি অর্জনকারী ১২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, সাংগঠনিক সম্পাদক লায়ন আবুল মুনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুন হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য মুশফিকুর রহমান উপজেলা পরিষদের প্রশাসনিক নতুন ভবনের উদ্বোধন করেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares