Main Menu

নবীনগরে অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক অটোরিকশাচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক আরাফাত (১৬) নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের এন্তাজ মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বড়িকান্দি গনিশাহের মাজার থেকে দুই ছিনতাইকারী যাত্রীবেশে আরাফাতের অটোরিকশায় উঠে এবং তাদের মাঝিয়ারা বাজারে নামিয়ে দেয়ার কথা বলে। মাঝিয়ারা বাজারে যাওয়ার পর ছিনতাইকারীরা চালককে অনুরোধ করে তাদের খাগাতুয়া নিয়ে যেতে। আরাফাত তাদের কথায় রাজি হয়ে খাগাতুয়া গ্রামে নিয়ে গেলে তারা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা ও তার সাথে থাকা দু’টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন আহত অবস্থায় আরাফাতকে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতের বাবা এন্তাজ মিয়া বলেন, ‘আমার দু’টি জমজ ছেলে। এক ছেলে প্রবাসে রয়েছে। সেও প্রবাসে যাওয়ার জন্য কয়েক দিন আগে পাসপোর্ট করে এসেছে। আজ রাতে বড়িকান্দি থেকে দু’জন যাত্রী নিয়ে মাঝিয়ারা যাওয়ার কথা ফোনে আমাকে জানিয়েছিল। এরা আবার খাগাতুয়া যাওয়ার কথাও জানিয়েছে, রাত হয়ে যাওয়ার কারণে প্রতি মুহূর্তে আমার সাথে আমার ছেলের যোগাযোগ ছিল। হঠাৎ করে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় আমার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।’
নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হচ্ছে এবং খুনিদের গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares