Main Menu

কুলিয়ারচর থেকে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, আটক ২

[Web-Dorado_Zoom]
কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ১৫ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় চোরাই মোটরসাইকেলের পাশাপাশি দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
ভুক্তভোগী মো.জাকির হোসেন (৩৮) কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে নিজ বসতবাড়ির গেইটের সামনে তার ব্যবহৃত নীল রঙের Suzuki Gixxer SF 155cc মোটরসাইকেলটি রেখে ঘরের ভেতরে প্রবেশ করেন। মাত্র পাঁচ মিনিট পর বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের সন্ধান না পেয়ে ১ মার্চ কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
পরবর্তীতে ‘Bike Bazar Brahmanbaria’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে তার চোরাই মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞাপন দেখতে পান জাকির হোসেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কুলিয়ারচর থানা পুলিশকে অবহিত করলে পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন সরাইল মাছ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মোটরসাইকেলসহ তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। এ সময় মো. রাসেল (২২) ও মো. মমিনুল হাসান (২৩) নামের দুইজনকে আটক করা হয়। তবে চোরচক্রের আরেক সদস্য আনোয়ার হোসেন (৩৫) কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি কুলিয়ারচর এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে সরাইলে এনে বিক্রির চেষ্টা করছিল।
উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া একটি আইফোন XR ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, চোরচক্রটি আন্তঃজেলা পর্যায়ে সক্রিয়। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের মতে, চোরচক্রের সদস্যদের আটক ও মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares