Main Menu

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ফের সময় বাড়ানো হয়েছে

[Web-Dorado_Zoom]

সব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন দফায় সময় বাড়ানোর পর আবারও ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। যেসব শিক্ষার্থী এর আগে ভর্তির জন্য আবেদন করেও ভর্তি হয়নি, তারা এই চার দিনে নির্ধারিত কলেজে ভর্তি হতে পারবে। এই চার দিনের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করতে চাইলে সেই সুযোগও রয়েছে।

বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এবার তিন ধাপে সময় বাড়ানোর পরও কোনো কলেজেই ভর্তি হয়নি দুই লাখের বেশি শিক্ষার্থী। ফলে এসব শিক্ষার্থী ভর্তির বাইরে রয়ে গেছে। বাদ পড়া এসব শিক্ষার্থীকে আবারও ভর্তির সুযোগ দেওয়ার জন্য বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির  সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান।

শেষ ধাপের এই ভর্তি কার্যক্রমের পর আগামী ৮ জুলাই বোঝা যাবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মোট কতজন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে; কতজন ভর্তি বাতিল করেছে। ৯ জুলাই পরিষ্কার হবে কোন কলেজে কত আসন খালি। এর পর ১০ থেকে ১৫ জুলাই পর্যন্ত সবার জন্য ভর্তি উন্মুক্ত করে দেওয়া হবে। এর মধ্যে যেসব শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনই করেনি, আবেদন করলেও নিশ্চিত করেনি, যারা ভর্তি বাতিল করেছে এবং যেসব শিক্ষার্থী আবেদন করেও ভর্তি হতে পারেনি তাদের এই ৬ দিন ভর্তির সুযোগ দেওয়া হবে। এর পর ১৭ জুলাই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

বৈঠক শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের কল্যাণে একাদশ শ্রেণির ভর্তির সময় আবারও ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা এখনও ভর্তি হয়নি, তারা এ সময়ের মধ্যে ভর্তি হতে পারবে। তিনি বলেন, ভর্তির জন্য নির্বাচিত হয়েও যেসব শিক্ষার্থী এখনও ভর্তির জন্য ১৮৫ টাকা জমা দেয়নি তারা অনলাইনে এই ফি জমা দিয়ে নির্বাচিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। এর পর ১০ থেকে ১৫ জুলাই পর্যন্ত সবার জন্য ভর্তি উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময়ে যারা এখনও আবেদন করেনি তারাও ভর্তি হতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ১৩ লাখের বেশি শিক্ষার্থীকে ভর্তির জন্য তিন ধাপে কলেজ নির্ধারণ করে দেওয়া হয়। এদের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করেছে ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ৯ মে থেকে অনলাইন ও এসএমএসে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ করা হয়। প্রায় ২৫ দিন পর ৫ জুন প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়। পরে সময় বাড়িয়ে তিন দফায় আবেদন নেওয়া হয়। আর ভর্তি শুরু হয় ২০ জুন থেকে, যা শেষ হয় ২৯ জুন। এর পর আবার ৪ জুলাই পর্যন্ত ভর্তির সময় বাড়ানোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares