
ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের সহকারী উপ- পরিদর্শক (এএসআই) নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি মামুন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দিনগত গভীর রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, মামলার প্রধান আসামি মামুনকে ধরতে র্যাবের একটি দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী পাল্টা গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মামুন আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।