The voice of Brahmanbaria || Local news means the world is

আওয়ামী লীগ কর্মী সালালকে হত্যার বিচারের দাবিতে শহরে ঝাড়ু মিছিল

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ কর্মী ও ব্যবসায়ী সালাল মিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে ও প্রধান আসামি জেলা আওয়ামী লীগ নেতা কাচন মিয়াসহ আসামিদের গ্রেপ্তার দাবিতে ঝাড়ু-জুতা মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল জুমার নামাজের পর শহরের কান্দিপাড়া এলাকা থেকে শত শত নারী-পুরুষ ঝাড়ু ও জুতা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এসে সড়ক অবরোধ ও সমাবেশ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাপ্পারাজ, সদস্য মস্তু মিয়া, ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ওয়ার্ড যুবলীগের সভাপতি জাফর মিয়া, আওয়ামী লীগ নেতা বজু মিয়া ও জিয়াউদ্দিন প্রমুখ। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান বক্তব্যে বলেন, মৃত বিএনপি নেতা পাঠান মিয়া ও তার ভাই আওয়ামী লীগ নেতা কাচন মিয়ার পুরো পরিবারটিই একটা সন্ত্রাসী ও খুনি পরিবার। এ পরিবারের লোকজন এর আগে এলাকার যুবক খাইজা, স্বর্ণ মিস্ত্রি উত্তম তলাপাত্র, ব্যবসায়ী জুনায়েদ জুনুকে নির্মমভাবে খুন করেছে। সর্বশেষ ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী সালালকে হত্যা করেছে। অনতিবিলম্বে সালাল হত্যার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা কাচন মিয়াসহ আসামিদের গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি  নিয়ে মাঠে নামবো।

Exit mobile version