The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ইউপি সদস্য খুন

প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউপি সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা আল-মামুন (৩৮) খুন হয়েছেন। শুক্রবার গভীর রাতে বিটঘর গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ির বালাখানার ছাইয়ের স্তুপের নিচ থেকে তার লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খালতো ভাইদের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে এই ইউপি সদস্যকে কুপিয়ে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের খালা রীনা আক্তারকে (৫৫) আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবু কাউছার জানান, পুরাতন জমিদার বাড়ির বালাখানার ভিতরে ছাই দিয়ে ঢাকা অবস্থায় পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে ২০/২৫টি দায়ের কোপের চিহ্ন ছিল। খালাতো ভাইদের সাথে পারিবারিক কলহের জের ধরে মামুন খুন হয়ে থাকতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনায় মামুনের খালা রীনা আক্তারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মামুনের বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা ছিল বলে জানান ওসি।

Exit mobile version