The voice of Brahmanbaria || Local news means the world is

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু নবীনগরে উদ্ধার ॥ ২ অপহরণকারী গ্রেপ্তার


নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার এবং ২ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ। এসময় অপহৃত শিশু বৈশাখী আক্তার-(৫)কে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজার থেকে শিশুকে উদ্ধার এবং অপহরণকারীদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার পাতিলপুর গ্রামের মোঃ রুবেল-(২০) এবং এই জেলার মুমিনপুর গ্রামের একরাম হোসেন-(২০)। উদ্ধারকৃত শিশু বৈশাখী সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনীর সাইফুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনী থেকে বৈশাখী আক্তারকে অপহরণ করে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় বৈশাখীর পরিবার নারায়ণগঞ্জ থানায় একটি জিডি করে।
বৃহস্পতিবার দুপুরে অপহরণকারীরা শিশুকে নিয়ে নবীনগর উপজেলার মুক্তারপুর গ্রামে যাওয়ার পথে ছলিমগঞ্জ বাজারে আসে। এ সময় তারা মোবাইল ফোনে মুক্তিপণ নিয়ে কথা বলার সময় বাজারের ব্যবসায়ীদের সন্দেহ হলে বাজারের ব্যবসায়ীরা তাদেরকে আটক করে নবীনগর উপজেলার সলিমগঞ্জ নৌ-ফাড়ি পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে সলিমগঞ্জ নৌ-ফাড়ির ইনচার্জ এস.আই মাহবুব বলেন, জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা শিশু বৈশাখীকে অপহরণের কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা এক শিশুকে উদ্ধার এবং দুই অপহরণকারীদের গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version