The voice of Brahmanbaria || Local news means the world is

প্রতিপক্ষের হাতে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ


ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীকে গুলি করেছে প্রতিপক্ষের ছাত্রলীগ ক্যাডাররা। গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী তমাল হোসেন লালুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের কালাইশ্রীপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, ছাত্রলীগ কর্মী তমাল হোসেন লালুর সাথে বিরোধ চলে আসছিলো জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্ল¬াহ’র অনুসারী ছাত্রলীগকর্মী বাপ্পীর। এরই জের ধরে বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বিকেলে ঘটনাটি মিমাংসা করার কথা ছিল। কিন্তু এর পূর্বেই দুপুর প্রায় দুইটার দিকে কালাইশ্রীপাড়া সড়কে প্রকাশ্যে ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহর ভাই মাসুক ও ছাত্রলীগ কর্মী বাপ্পী পিস্তল বের করে লালুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে।  লালু উরুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। গুলির শব্দে মুহুর্তের মধ্যে ওই সড়কের সমস্ত দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। গুরুতর আহতাবস্থায় ছাত্রলীগ কর্মী তমাল হোসেন লালুকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পৌরমেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন লালুকে দেখতে যান। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘আহত লালুর বক্তব্য নেয়া হয়েছে। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

Exit mobile version