The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত ॥ ঘাতক গ্রেপ্তার

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে। নিহতের নাম আমজাদ আলী-(৬৫)। তিনি আউলিয়া বাজারে ডিম বিক্রি করতেন। আমজাদ মিয়ার বাড়ি উপজেলার গোয়ালনগর গ্রামে। পুলিশ জানায়, গত রবিবার বিকেলে আমজাদ আলীর একটি গরু পার্শ্ববর্তী নাসির মিয়ার গোয়াল ঘরে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৮টায় নাসির মিয়া আউলিয়া বাজারে গিয়ে আমজাদ আলীর সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয়। এক পর্যায়ে নাসির মিয়া আমজাদ আলীর দোকান থেকে দা নিয়ে তাকে এলোপাথারী কুপিয়ে আহত করে। আহত অবস্থায় আমজাদ আলীকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাতের বেলায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘাতক নাসির মিয়া-(২৮)কে গ্রেপ্তার করেছে।এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, আমরা ঘাতককে গ্রেপ্তার করেছি। হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Exit mobile version