The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি ॥ গ্রেপ্তার-৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা ওই বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।

ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে পৌর এলাকার রাধানগরের হাজী মহল্লার ইতালি প্রবাসী জাকির হাসানের বাড়িতে। এ ঘটনায় পুলিশ এলাকার নৈশ প্রহরীসহ ৫জনকে গ্রেপ্তার করেছে।

ডাকাতির শিকার বাড়ির লোকজন ও পুলিশ জানায়, গত রবিবার রাত পৌনে তিনটার দিকে ১৫/১৬ জনের একটি ডাকাত দল প্রবাসী জাকির হাসানের বাড়িতে চড়াও হয়। ডাকাতরা কলাপসিবল গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের সবাইকে জিম্মি করে কয়েক মিনিটের মধ্যেই ২০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ডাকাতি চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৫ জনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে আখাউড়া থানার এস.আই মোঃ কাউছার জানান, টহলরত অবস্থায় খবর পেয়ে আমরা সেখানে যাই। ঘরের লোকজন ছাড়া যে কয়জন ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি। গ্রেপ্তারকৃতরা জানান, ডাকাতরা তাদেরকে বেঁধে ঘরের মধ্যে আটকে রেখেছিল।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাম্মাদ হোসেন বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আমরা ৫জনকে গ্রেপ্তার করেছি।

Exit mobile version