The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে র‌্যাবের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী – দুইজন শ্রীঘরে

মোহাম্মদ মাসুদ,——- সরাইলে র‌্যাবের নাম ভাঙ্গিয়ে মেলায় চাঁদাবাজীর সময় হাতেনাতে ধরা পড়ে দুই প্রতারক এখন শ্রীঘরে। গত বুধবার সন্ধায় উপজেলার কালিকচ্ছে কালীমন্দিরে হিন্দু সম্প্রদায়ের মাঘিপূর্ণিমার মেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতি বৎসরের ন্যায় গত বুধবার কালীমন্দিরে বসে মেলা। মেলায় হরেক রকমের প্রসাধনী ও খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বিকেলে দর্শনার্থী ও ক্রেতাদের ভীড় বৃদ্ধি পায়। সুযোগে সন্ধায় জুয়ারীরা জুয়ার আসর নিয়ে বসে পড়ে। স্থানীয় একাধিক ব্যক্তি জুয়া প্রতিরোধে এগিয়ে আসেন। শুরু হয় বাকবিতন্ডা। এ সময় সরাইল থানার সোর্স সূর্যকান্দি গ্রামের আবদুস সামাদ মিয়ার পুত্র মিঠু (২৯) ও নোয়াগাঁও গ্রামের অলি মৈশানের পুত্র উজ্জল মৈশান (৩২)   র‌্যাবকে ম্যানেজ করার কথা বলে জুয়ারী এবং বিভিন্ন ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা আদায় করতে থাকে। এ সময় সিভিল পোশাকে মেলায় অবস্থানকারি র‌্যাব-১৪ এর সদস্যরা তাদেরকে চাঁদাবাজীর সময় হাতেনাতে ধরে ফেলেন। এ দিকে উজ্জল মৈশানের নামে চুরি, ডাকাতি সহ সরাইল থানায় একাদিক মামলা রয়েছে। ওই দুইজনকে র‌্যাব সদস্যরা নিয়ে যান ভৈরব ক্যাম্পে। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদেরকে সরাইল থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-১৪ এর উপ-পরিদর্শক উত্তম কুমার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, র‌্যাবের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজীর সময় তাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে চাঁদাবাজীর অভিযোগে আদালতে প্রেরন করা হয়েছে।

Exit mobile version