The voice of Brahmanbaria || Local news means the world is

১৬ই ডিসেম্বর উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাশনের নানা কর্মসূচী

সুমন আহমেদ: আগামীকাল ১৬ই ডিসেম্বর ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল বাঙ্গালী জাতির ৪২তম মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর পাকিস্থানী হানাদার বাহিনীর কাছ থেকে ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল আমাদের এই বাংলাদেশ। এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করতে সমগ্র বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাশনের উদ্যোগে নেয়া হয়েছে নানা প্রদক্ষেপ।
জেলা তথ্য অফিসের প্রেসবিজ্ঞপ্তি এম মাধ্যমে জানা যায়, সকালে সূর্যোদয়ের সাথে সাথে ফারুকী পার্ক স্মৃতি সৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হবে। তার পর সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত বিভাগ/সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনতা কর্তৃক স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হবে এবং সেই সাথে সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টার সময় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বীর মুক্তিযোদ্ধা, বিএনসিসি, বয়েজ স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিশু সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন এবং সকাল ১০টা হতে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা, ১১টায় ডিসপ্লে ও শরীরচর্চার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অপরদিকে, আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মাঠে ১১টায় সুবিধা বঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, ১২টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর জেলা প্রশাসন ও শিশু একাডেমী কর্তৃক শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এছাড়াও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সহ হাসপাতাল, শিশু সদন, জেলখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, সকল সিনেমা হল মালিকগন কর্তৃক বিকাল ৩.৩০টায় ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, একই সময়ে সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থাকর্তৃক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট/ফুটবল প্রতিযোগিতায় জেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশ, জেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা ও গন্যমান্য একাদশ অংশগ্রহন, সন্ধ‌্যা থেকে গুরুত্বপূর্ণ সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবন ও স্থাপনা সমূহে আলোক সজ্জা এবং সন্ধ‌্যা ৬টায় জেলা তথ্য অফিস কর্তৃক পৌর মুক্ত মঞ্চ ও গোকর্ণঘাট মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।
সর্বশেষে, সুর সস্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উৎযাপন সমাপ্ত করা হবে।

Exit mobile version