The voice of Brahmanbaria || Local news means the world is

বর চাই না, চাই কুকুর

আন্তর্জাতিক ডেস্ক :আদালতে দাঁড়িয়ে জজসাহেবকে জানালেন, তিনি স্বামী চান না, চান কুকুর। আর এটা নিয়েই সম্প্রতি উত্তাল নিউইয়র্ক শহর। পাঁচ বছর আগে স্টেলা আর এরান একে অপরকে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের রাতে বর এরান বউকে উপহার দিলেন ছোট্ট একটা ড্যাশহাউন্ড কুকুর ছানা।

কুকুরটিকে নিয়ে কাটে স্টেলার অবসর। স্বামীর সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। একসময় স্টেলা সিদ্ধান্ত নেন এরানকে ডিভোর্স দেবেন। ডিভোর্সের কাগজে একটাই শর্ত জুড়ে দিলেন তিনি। বাড়ি, গাড়ি, টাকা কিছুই চান না তিনি, চান ছোট্ট ড্যাশহাউন্ডকে।

আর এরান দাবি করেছেন ডিভোর্স হয়ে গেলে কুকুরটি তার কাছে থাকবে। অনেক টাকা খরচ করে তিনি কুকুরছানাটিকে কিনে বউকে উপহার দিয়েছিলেন। এরান আদালতে জানিয়েছেন, ড্যাশহাউন্ডের বদলে তিনি বউয়ের নামে লিখে দিতে পারেন নিজের বাড়িটি। আপাতত, নিউইয়র্কের সিটি কোর্টে চলছে ড্যাশহাউন্ড নিয়ে স্বামী-স্ত্রীর বচসা।

এদিকে, নিউইয়র্ক পোস্টে খবরটি প্রকাশ হতেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা এসে হাজির হয়েছেন আদালত প্রাঙ্গণে। তাদের একটাই বক্তব্য দাম্পত্য কলহে পড়ে ড্যাশহাউন্ডের যেন কোনও ক্ষতি না হয়।

Exit mobile version