
প্রতিনিধি : বিএনপিসহ ১৮ দলের ডাকা সপ্তাহব্যাপী অবরোধের পঞ্চম দিন বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে বিএনপির সাত কর্মীকে আটক করেছে পুলিশ।সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে অবরোধকারীরা পিকেটিং শুরু করে। এতে ওই মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে ব্রাহ্মণবাড়িয়া শহর ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধকারীদের দেখা যায়নি। তাই শহর ও এই মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা স্বাভাবিকভাবে চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জানান, নাশকতার আশঙ্কায় সাতজনকে আটক করা হয়েছে। এছাড়া নাশকতা রোধে শহরের অন্তত ৪১টি পয়েন্টে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।