The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিল থেকে মো. জিল্লু মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমোড়া গ্রামের ঈদগাহ’র পাশের হালুদা বিল থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে। নিহত জিল্লু পূর্বকালাছড়া গ্রামের লাল চান মিয়ার পুত্র।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বকালাছড়া গ্রামের লাল চান মিয়ার ছেলে জিল্লু গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে নিখোঁজ হয়। ওইদিন রাতে পরিচিতরা ডেকে নেওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। অন্য একটি সূত্র জানায়, মাদক পরিবহনের সময় বুধবার রাতে আইনশৃংখলা বাহিনীর ধাওয়া খায় জিল্লুসহ কয়েকজন। জিল্লু মিয়ার স্ত্রী নিলুফা বেগম ও ভাই মো. আমিন মিয়া জানান, পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের মাদক ব্যবসায়ী লিলু মিয়ার সহকারি ফরহাদ, লিটন, দয়ালসহ কয়েকজন এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শুক্রবার লোক মারফত খবর পান বিলে লাশ ভাসছে। জিল্লু মিয়াকে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এদিকে বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমোড়া ঈদগাহ পাশের হালুদা বিলে লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। চম্পকনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিজয়নগর থানাধীন চম্পকনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. কবির হোসেন বলেন, ‘লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’

Exit mobile version