The voice of Brahmanbaria || Local news means the world is

কাউতলিতে গলা টিপে স্ত্রীকে হত্যা, ইয়াবাসক্ত স্বামী আটক

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় গলা টিপে মাদকাসক্ত এক পাষন্ড স্বামী এক সন্তানের জননী স্ত্রীকে হত্যা করেছে। মঙ্গলবার বিকেলে শহরের কাউতলি এলাকায় লোমহর্ষক এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলো- জেসমিন আক্তার আঁখি (২৩)। সে ঢাকার ডেমরাস্থ কাজলা এলাকার মুসলিম মিয়ার মেয়ে। এ ঘটনায় পুলিশ পাষন্ড স্বামী জিসান চৌধূরি জিকু (২৬) কে গ্রেপ্তার করেছে। তার সাড়ে চার বছরের প্রতিবন্ধী ছেলে সাইফুল্লাহ চৌধুরি (তাসিন) কে উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হত্যার শিকার আঁখির লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া শহর উপপরিদর্শক (টিএসআই) বেলাল হোসেন জানান, শহরের পাওয়ার হাউজ সড়ক সংলগ্ন নিউ মৌড়াইল এলাকার সানাউল্লাহ চৌধুরির ছেলে জিসান চৌধূরি জিকু কাউতলি এলাকার মা মঞ্জিল নামের ১১৫৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রী আঁখি অপহরণ মামলাসহ একাধিক মামলার আসামি মাদকাসক্ত জিকুকে সন্দেহ করতো। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এসবের জের ধরেই জিকু তাকে হত্যা করে।

জিকুর বরাত দিয়ে উপপরিদর্শক (টিএসআই) বেলাল হোসেন জানান, গলায় উড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে জিকু তার স্ত্রী আঁখিকে হত্যা করে নিজেই মুঠোফোনে পুলিশকে খবর দেয়। জিকুর মুঠোফোনে দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে কাউতলির ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বলেন, ‘ঘাতক স্বামী জিকু নিজেই হত্যার কথা স্বীকার করেছে। তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে’।

Exit mobile version