The voice of Brahmanbaria || Local news means the world is

মাদক ব্যবসায়ির হামলায় পুলিশের সোর্স আহত

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীর ছুরির আঘাতে সদর থানা পুলিশের এক সোর্স আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে কান্দিপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কাছে ডেকে এনে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশের সোর্স শাহীন মিয়া (৩৫) এর বাড়ি শহরের কান্দিপাড়া এলাকায়। সে সদর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) বশির আহমেদের সোর্স হিসেবে খ্যাত।
হাসপাতালে ভর্তি থাকা শাহীন জানায়, কান্দিপাড়া এলাকার আলমগীর ও হুমায়ূন নামের চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী তাকে বাসা থেকে ডেকে নিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই তার বাম হাত ও বাম পায়ের উরুতে ধারালো ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে।
এএসআই বশির আহমেদ জানান, গত বৃহস্পতিবার কান্দিপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি আলমগীর ও হুমায়ূন মিয়ার আস্তানা থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনার জের ধরে তারা শাহীনের উপর ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে।

Exit mobile version