The voice of Brahmanbaria || Local news means the world is

আজ পঞ্চম শ্রেণীর ছাত্রী শিল্পীর বিয়ে

প্রতিনিধি : আজ সরাইলে পঞ্চম শ্রেণীর ছাত্রী শিল্পীর (১১) বিয়ে। সকল বাঁধা উপেক্ষা করে শিল্পীকে বিয়ের পিঁড়িতে বসাবেনই তার মা কোহিনুর বেগম। উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর (কানিখাই) গ্রামে এ বাল্য বিয়ে চলছে। এলাকাবাসী জানায়, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী লুলু মিয়ার শিশু কন্যা শিল্পী বেগম। বিয়ে কি এটাই সে এখনো বুঝে উঠেনি। পিতৃহীন দরিদ্র পরিবারের প্রধান তার মা মোছাঃ কোহিনুর বেগম। তিনি কোন বাঁধাই মানতে নারাজ। শিল্পীর আপন খালাত ভাই ফার্নিসার মিস্ত্রি শাহ আলম (২৩)। সে সদর উপজেলার তেলিনগর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তার সাথে পূর্ব নির্ধারিত বিয়ের দিনক্ষন আজ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরজমিনে শিল্পীদের বাড়িতে গেলে দেখা যায় বিয়ের সকল প্রস্তুতি নিতে ব্যস্ত মা কোহিনুর বেগম। আট বছর পূর্বে মারা গেছে শিল্পীর বাবা লুলু মিয়া। শিল্পীরা দুই বোন। ছোট বোন ফাতেমা (০৭)। একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সে। স্থানীয় একাধিক ব্যক্তি প্রকাশ্যে বলছেন, এ বাল্য বিয়েতে আমাদের কোন সমর্থন নেই। শিল্পীর মা তার একার সিদ্ধান্তে বিয়ে দিচ্ছেন। তিনি প্রয়োজনে মেয়েকে অন্যত্র সরিয়ে নিয়ে বিয়ে দিবেন। পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ নূরু মিয়া বলেন, এটা শতভাগ বাল্য বিয়ে। আমি এ বিয়ে বন্ধের নির্দেশ দিয়েছি।

Exit mobile version