The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পর্শে পিতা-কন্যা নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষীপুর এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহতেরা হলেন ওই গ্রামের নাসির উদ্দিন ভূইয়া (৪৭) ও তার শিশুকন্যা নাদিরা আক্তার (০৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে,  বুধবার সকালে শিশুকন্যাকে কাধে নিয়ে জমি দেখতে যায় লক্ষ্মীপুর গ্রামের নাসির ভুইয়া। মঙ্গলবার রাতে ঝড়ো হাওয়ার সময় অবৈধভাবে নেয়া বিদ্যুতের লাইনের তার ছিড়ে পড়ে থাকার বিষয়টি জানা ছিলোনা নাসিরের। ওই ছেড়া তার থেকে জমির পানিও বিদ্যুতায়িত হয়েছিলো। কন্যাকে নিয়ে জমির সন্নিকটে পৌঁছালে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে অবৈধভাবে বিদ্যুতের লাইন নেয়া একই গ্রামের জনৈক ব্যক্তি গা ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা জানায়।

Exit mobile version