The voice of Brahmanbaria || Local news means the world is

বখাটের উত্ত্যক্তের শিকার কলেজছাত্রীর আত্মহত্যা

কসবা উপজেলায় লাভলী আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী গত বুধবার বিষ পান করে আত্মহত্যা করেছে। বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে সে আত্মহত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। লাভলীর বাড়ি উপজেলার রাতইতলা গ্রামে।

এ ঘটনায় পাশের গ্রামের কাউছার মিয়াসহ (২৪) চারজনের বিরুদ্ধে বৃহস্পতিবার কসবা থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। অন্য আসামিরা হলেন কাউছারের বাবা শিশু মিয়া, ভাই কবির মিয়া ও দুলাল মিয়া।

এজাহারের বিবরণ অনুযায়ী, লাভলী স্থানীয় চারগাছ এন আই ভূইয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। কলেজে আসা-যাওয়ার পথে পাশের নিবড়া গ্রামের কাউছার মিয়া তাকে উত্ত্যক্ত করে আসছিলেন।

লাভলীর বাবা পুলিশে চাকরি করেন। বখাটেদের কবল থেকে মেয়েকে রক্ষা করতে একপর্যায়ে তিনি মেয়েকে কর্মস্থল ফেনীতে নিয়ে যান। এইচএসসি পরীক্ষায় অংশ নিতে লাভলী বাড়ি আসে। বুধবার বিকেলে বাড়ির অদূরে কাউছার ও তাঁর পরিবারের লোকজন লাভলীকে লাঞ্ছিত করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশী লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। বাড়ি ফিরে লাভলী বিষ পান করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার এসআই সুমন কুমার আদিত্য জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Exit mobile version