The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্ত্রীর গলা কেটে স্বামীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নেশাসক্ত স্বামী তার স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে নিজেই আত্মহত্যা করেছেন । গতকাল রোববার দুপুর সাড়ে বারোটায় নাসিরনগর সদরের চৌধুরিপাড়ায় এ ঘটনা ঘটে । আশংকাজনক অবস্থায় স্ত্রী ফেরদৌসি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে ।

জানা গেছে , নাসিরনগর উপজেলা সদরের মৃত শোয়েব চৌধুরীর ছেলে নেশাসক্ত মুকুল চৌধুরি (৪৫) তার স্ত্রী ফেরদৌসী আক্তার (৩৮) কে হাত-পা বেঁধে গোসলখানায় নিয়ে বটি দা দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এর পরপরই নিজের গলা কেটে তিনি আত্মহত্যা করেন। আশংকাজনক অবস্থায় ফেরদৌসীকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে  ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ফেরদৌসী আক্তারের ভাই জামাল মিয়া বলেন, তার ভগ্নিপতি মুকুল চৌধুরি উচ্ছৃৃঙ্খল প্রকৃতির  ও নেশাসক্ত ছিল। সে প্রায়ই তার বোনকে শারীরিক নির্যাতন করতো। বিগত দুই বছর সে ব্রাহ্মণবাড়িয়া শহরের মাদক নিরাময় কেন্দ্র ‘অশ্রু’তে ভর্তি ছিল।

এ ব্যাপারে জানতে চাইলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুকুল চৌধুরীর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে’।

Exit mobile version