পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে দেশের সর্বদক্ষিণের টেকনাফ থেকে সর্বউত্তরের তেঁতুলিয়া পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ফাহিম মুনতাসির। বৃহস্পতিবার (৩০ জুলাই) তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হয় তার ২০ দিনের এই ব্যতিক্রমী পদযাত্রা।
‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগানকে সামনে রেখে গত ১০ জুলাই টেকনাফের শাপলা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন ২৬ বছর বয়সী ফাহিম।
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ফাহিম বর্তমানে শিক্ষকতা করছেন। পাশাপাশি তিনি সামাজিক সংগঠন ‘সোনালী সকাল’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফাহিম বলেন, “আমার এই যাত্রার উদ্দেশ্য কোনো রেকর্ড গড়া নয়। মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ, সুস্থ জীবনযাপন এবং হাঁটার অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই মূল লক্ষ্য।”
তিনি জানান, যাত্রার শুরুতে দুইজন সহযাত্রী থাকলেও ফেনী পর্যন্ত যাওয়ার পর বাকি পথ একাই অতিক্রম করেন। দীর্ঘ এই সফরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বীজ বপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তাও ছড়িয়ে দেন।পদযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে ফাহিম বলেন, পথে বনাঞ্চল এলাকায় বন্যপ্রাণী, বিশেষ করে হাতি ও সাপ হত্যার মতো উদ্বেগজনক ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। এসব বিষয় তাকে পরিবেশ রক্ষায় আরও বেশি কাজ করার অনুপ্রেরণা দিয়েছে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বড় কোনো উদ্যোগের প্রয়োজন নেই। প্রতিদিন হাঁটার অভ্যাস গড়ে তোলা, গাছ লাগানো এবং অপ্রয়োজনীয় ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমানোর মতো ছোট ছোট উদ্যোগই পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফাহিমের এই ব্যতিক্রমী পদযাত্রা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
