The voice of Brahmanbaria || Local news means the world is

১৩ দিনে ৪৫০ কিলোমিটার হেঁটে টাঙ্গাইলে পৌঁছেছেন ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম

‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগানকে সামনে রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশে পদযাত্রায় বের হওয়া ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ফাহিম মুনতাসির (২৫) ১৩ দিনে প্রায় ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে টাঙ্গাইলে পৌঁছেছেন।
ফাহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে। তিনি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন **সোনালী সকাল**-এর সভাপতি এবং একটি বেসরকারি কলেজের শিক্ষক। পরিবেশ সংরক্ষণ, হাঁটার অভ্যাস গড়ে তোলা এবং জ্বালানির ব্যবহার কমানোর বার্তা ছড়িয়ে দিতেই তিনি প্রায় এক হাজার কিলোমিটারের এই পদযাত্রা শুরু করেন।
গত ১০ জুলাই কক্সবাজারের টেকনাফ থেকে যাত্রা শুরু করে তিনি উখিয়া, চকরিয়া, কেরানীহাট, পতেঙ্গা, সীতাকুণ্ড, ফেনীর মহিপাল, কুমিল্লা, দাউদকান্দি, মুন্সিগঞ্জ, ঢাকা, সাভারের জাহাঙ্গীরনগর, মির্জাপুর হয়ে বুধবার (২২ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরে পৌঁছান। বৃহস্পতিবার সকালে তিনি সিরাজগঞ্জের উদ্দেশে আবারও যাত্রা শুরু করেন।
ফাহিম জানান, একজন সুস্থ মানুষের প্রতিদিন অন্তত ১০ হাজার কদম হাঁটা উচিত। কিন্তু মানুষ ক্রমেই যানবাহননির্ভর হয়ে পড়ছে, ফলে হাঁটার অভ্যাস কমে যাচ্ছে এবং বিভিন্ন রোগ বাড়ছে। মানুষকে হাঁটায় উৎসাহিত করতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, যাত্রাপথে প্রতিদিন কয়েকটি স্থানে থেমে মানুষের সঙ্গে হাঁটার উপকারিতা, জ্বালানির ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, জলাধার সংরক্ষণ এবং সাপের আবাসস্থল ধ্বংসের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করছেন।
২০ দিনের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৌঁছানোর লক্ষ্য থাকলেও সময় আরও দু-এক দিন বেশি লাগতে পারে বলে ধারণা করছেন তিনি। ভবিষ্যতে দেশের ৬৪টি জেলা হেঁটে ভ্রমণেরও পরিকল্পনা রয়েছে তার।
ফাহিমের এ উদ্যোগের প্রশংসা করে টাঙ্গাইল সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা বলেন, এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Exit mobile version