নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর গলা থেকে স্বর্ণ চুরির চেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার চার নারীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভেতরে চুরির চেষ্টাকালে তাঁদের আটক করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একতারপুর গ্রামের মর্তুজা বেগম (৬৫) এবং নাসিরনগর উপজেলার বীরমঙ্গল গ্রামের রুনা বেগম (২২), শাহনাজ বেগম (৬২) ও বুশরা বেগম (৩০)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায়ই চুরির ঘটনা ঘটায় রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ছিলেন দায়িত্বরত আনসার সদস্যরা। সোমবার দুপুরে হাসপাতালের ভেতরে চার নারীর সন্দেহজনক গতিবিধি তাঁদের নজরে আসে। বিষয়টি তাঁরা ক্যাম্পের দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডারকে জানান।
পরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় এক রোগীর গলা থেকে স্বর্ণ চুরির চেষ্টাকালে চার নারীকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটক নারীদের থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
