The voice of Brahmanbaria || Local news means the world is

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ২৭ জুন ২০১৮ তারিখ বুধবার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সদস্য জনাব মোহাম্মদ আরজু এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডাঃ শওকত হোসেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য বিষয়ক আহ্বায়ক জনাব জয়দুল হােসেন এবং সভায় বিগত মতবিনিময় সভার সিদ্ধান্ত ও অগ্রগতি পাঠ করেন ইয়েস দলনেতা মোঃ আব্দুল হাকিম । স্বাস্থ্য খাতে সনাকের প্রত্যাশা সম্পর্কে বক্তব্য প্রদান করেন সনাক সহ সভাপতি জনাব প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন সেবামূলক খাতসমূহের মধ্যে স্বাস্থ্য খাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যসেবা বাণিজ্যখাতে পরিণত না হয়ে জনমূখী হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দৃষ্টি দেয়ার জন্য আহ্বান জানান। হাসপাতালের বর্তমান সেবা সম্পর্কে বক্তব্য প্রদান করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আজহারুর রহমান।
তাছাড়া হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীর উপস্থিতি নিশ্চিত নিশ্চিত করা, দালাল নিয়ন্ত্রণ জোরদার করা; প্রয়োজনে নিয়মিত দালাল প্রতারক চক্র নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আইডি কার্ড বা নির্ধারিত পোশাকের ব্যবস্থা করা যাতে রোগী বাইরের লোকের সাথে তাদের পার্থক্য করতে পারে, ডিউটি রোস্টার দৃশ্যমান করা; প্রত্যেক ওয়ার্ডের বাথরুম/গোসলখানাগুলো নিয়মিত পরিষ্কারের মাধ্যমে “পুরুষ / মহিলা” আলাদাভাবে চিহ্নিত করা, নিজস্ব একটি ওয়েব পোর্টাল চালু করা, তথ্যকেন্দ্র অথবা হেল্পডেস্ক স্থাপন করা ইত্যাদি স্বাস্থ্যসেবা সম্পর্কিত সনাকের পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করেন টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম। মুক্ত আলোচনায় উপস্থিত ডাক্তার ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ হাসপাতালের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য সনাকের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সনাক সভাপতি জনাব জেসমিন খানম বলেন হাসপাতালে সেবার মান পূর্বের তুলনায় উন্নত হয়েছে এবং যে সীমাবদ্ধতা রয়েছে সকলের প্রচেষ্টায় সমাধান সম্ভব হবে। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে টিআইবি ও সনাক এর পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাপনী বক্তব্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডাঃ শওকত হোসেন বলেন হাসপাতালে সেবাগ্রহীতারা সর্বোচ্চ প্রত্যাশা নিয়ে সেবা নিতে আসে। তাদেরকে দায়িত্বশীলতা, পেশাদার এবং দেশপ্রেমের মনোভাব নিয়ে সেবা প্রদানের জন্য উপস্থিত ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানান।

Exit mobile version