স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে একটি ভুয়া উক্তি সম্বলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত ওই ফটোকার্ডে দাবি করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিএনপিকে কেউ চাঁদাবাজ বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ফটোকার্ডটি শেয়ার করে রুমিন ফারহানা মন্তব্য করেন, ‘একটি দলের ৯৯ দশমিক ৯৯ শতাংশ চাঁদাবাজ হলেই কি তাকে চাঁদাবাজ দল বলা যায় নাকি? কখনোই না।’
একই ফটোকার্ড জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর ফেসবুক আইডিতেও পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘সালাউদ্দিন ভাই কঠিন নছিহত করেছেন। আপনারা সালাউদ্দিন ভাইয়ের কথার উপর আমল করিবেন।’
তবে ফ্যাক্টচেকভিত্তিক একটি গণমাধ্যমের যাচাইয়ে দাবি করা হয়েছে, ফটোকার্ডে ব্যবহৃত উক্তিটি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত বক্তব্য নয়। যাচাইয়ে পাওয়া তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিএনপিকে কেউ উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ।’
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার পেইজ। আমি ফেসবুকে পেয়ে পোস্ট করেছি। এখন ওরা চাইলে মামলা করুক।’
তদন্তে জানা যায়, ভুয়া ফটোকার্ডটির উৎস যমুনা টেলিভিশনের আদলে পরিচালিত ‘আশার আলো’ নামে একটি ফেসবুক পেজ। পেজটিতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের নামে ভুয়া উক্তিসংবলিত ফটোকার্ড নিয়মিত প্রকাশ করা হয়। ওই পেজ ছাড়া অন্য কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে রাজধানীর দক্ষিণ মানিকদীতে একটি আবাসন প্রকল্পে হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই জানিয়েছেন। এরপরও বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে আখ্যায়িত করা হলে, সে বিষয়ে জনগণই বিচার করবে বলে মন্তব্য করেন তিনি।
