The voice of Brahmanbaria || Local news means the world is

সৌদি রাজপ্রাসাদে সন্ত্রাসী হামলার চেষ্টা, নিহত ৩

সৌদি আরবের জেদ্দায় রাজপ্রাসাদ ‘আল সালাম প্যালেসে’ সন্ত্রাসী হামলার চেষ্টা করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এমন খবর ছড়িয়ে পড়েছে। আর এ খবর ছাড়ানোর পর সৌদিতে মার্কিন দূতাবাস সেদেশে তাদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এ হামলায় একজন হামলাকারী ও রাজপ্রাসাদের দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যে বলা হয়েছে, উপকূলীয় শহর জেদ্দা’র আল সালাম রাজপ্রাসাদে হামলার চেষ্টা নস্যাৎ করেছে নিরাপত্তাবাহিনী। এতে এক হামলাকারী ও রাজপ্রাসাদের দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

তবে এ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব সরকার।

সৌদি এই রাজপ্রাসাদের অবস্থান জেদ্দা’র কিং আব্দুল আজিজ ও আন্দালুস সড়কের পাশে। সম্প্রতি সৌদি আরবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা বেশ কয়েকবার হামলা চালায়। দেশটির পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত বিভিন্ন মসজিদ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা।

চলতি বছরের জুলাইয়ে সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদে হামলার একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এই হামলা চেষ্টার পেছনে তালেবান জড়িত বলে দাবি করে সৌদি। এর আগে দেশটির শত শত নাগরিক জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে সৌদি ছেড়ে সিরিয়ায় পাড়ি জমায়।

Exit mobile version