The voice of Brahmanbaria || Local news means the world is

সুহিলপুরে মসজিদের বারান্দা থেকে উদ্ধার অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের সুহিলপুর জামে মসজিদের বারান্দা থেকে এক অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে চার দিন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা মসজিদের বারান্দায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে বিষয়টি সংশ্লিষ্টদের জানান। খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাহিম মাহিন স্থানীয় কয়েকজনের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের শিশু বিভাগের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিট (এসক্যানু)-তে চিকিৎসাধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আকতার হোসাইন জানান, নবজাতকটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতাল থেকেই প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। শিশুটিকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা শিশুটিকে মসজিদের বারান্দায় ফেলে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Exit mobile version