The voice of Brahmanbaria || Local news means the world is

সীমান্ত সম্মেলনে যোগ দিতে আগরতলায় বিজিবির প্রতিনিধি দল

bgb-bsf_24.7.16ডেস্ক ২৪:: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে রবিবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গেছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি ভারতে প্রবেশ করে। বিজিবির প্রতিনিধি দলটি আখাউড়া-চেকপোস্টের শূন্যরেখায় পৌঁছালে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) ত্রিপুরার ডিআইজি একে ইয়াদভসহ অন্যরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
২০ সদস্যের এই দলটির নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব আঞ্চলিক সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। এছাড়াও বিজিবি সদর দফতরের স্টাফ অফিসার খন্দকার ফরিদ হাসান, উত্তর-পূর্ব আঞ্চলিক সদর দফতরের (সরাইল) কমান্ডার মো. খালেকুজ্জামান, শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার জাকির হোসেন, রাঙামাটি সেক্টরের কমান্ডার মো. আশরাফুল ইসলাম, কুমিল্লা সেক্টরের কমান্ডার গাজী মো. আহসানুজ্জামান ও ময়মনসিংহ সেক্টরের কমান্ডার মো. শাহরিয়ার রশীদ রয়েছেন। ত্রিপুরা রাজ্যের রাজ্য অতিথি শালায় চার দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সরাইল ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী জানান, ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত আগরতলায় দুই দেশের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সীমান্তে চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী, শিশু পাচার এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধসহ দুই দেশের সীমান্তে বিরাজমান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এই সীমান্ত সম্মেলনের মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
Exit mobile version