The voice of Brahmanbaria || Local news means the world is

সীমান্তের শূন্যরেখার মরদেহটি বাংলাদেশী কিশোর শাকিলের, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়।
নিহত শাকিল আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে মানসিকভাবে অসুস্থ ছিল এবং শুক্রবার থেকে নিখোঁজ ছিল।
শনিবার রাতে সীমান্তের ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তারা মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, মরদেহটি ভারতীয় ভূখণ্ডে থাকায় বিজিবি, বিএসএফ এবং দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনা শেষে ময়নাতদন্তের জন্য ভারতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখা এলাকায় পৌঁছেছিল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হলেও কর্তৃপক্ষ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
Exit mobile version