The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্‌বিতণ্ডা, পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সেখানে তাঁর ও ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে তাঁদের কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঘটনার রাতেই সরাইল থানায় জিডি করা হয়। জিডির বিষয়টি নিশ্চিত করে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, থানায় যাঁরা এসেছিলেন, তাঁদের তালিকাও করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের দাবি, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করলেও ওসি সাড়া দেননি। এমনকি নিরাপত্তা চেয়েও সংসদ সদস্য সাড়া পাননি বলে দাবি করেন তাঁর কর্মী-সমর্থকেরা।
রুমিন ফারহানা জানান, ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করতে তিনি থানায় গিয়েছিলেন। তাঁর কাছে অভিযোগের একটি তালিকাও ছিল। তবে সেসব বিষয়ে ওসি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে দাবি করেন তিনি।
এদিকে ওসির বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন। তাঁর ভাষ্য, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Exit mobile version