The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ভাতিজাদের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল চাচার

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক বিরোধের জেরে মো. আমজাদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী ভূইশ্বর গ্রামের পাতার হাটি এলাকার প্রয়াড মো. মোগল আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আহম্মদ আলীর ছেলে আব্দুর রহমানের সঙ্গে তার আপন ছোটভাই মন্নাফ মিয়ার পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। রবিবারও পারিবারিক বিষয় নিয়ে ফের আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে ঝগড়া হয়।

খবর পেয়ে রাতে চাচা আমজাদ আলী তার ভাতিজা আব্দুর রহমানের কাছে ঝগড়ার বিষয়ে জিজ্ঞসা করেন। এতে আব্দুর রহমান ক্ষুব্ধ হয়।

এক পর্যায়ে আব্দুর রহমান ও তার লোকজন আমজাদ আলীকে পিটিয়ে আহত করে। পরে তাকে আহত অবস্থায় প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান জানান, ‘আমজাদ আলী নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version