The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে বিদ্যালয়ের প্রবেশ পথে হাঁটু পানি, শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে বৃষ্টি হলেই হাটুঁ পানি জমে থাকে। রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের অভাবে বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রমে অংশ নিতে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের মারাত্বক দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ দিন ধরে এ অবস্থা চলমান থাকলেও রাস্তাটি সংস্কারসহ বিদ্যালয়ের প্রবেশ পথের এ দুরবস্তা দূরীকরনে নেই কোনো উদ্যোগ।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সরজমিনে গিয়ে বিদ্যালয়ের সামনের প্রবেশ পথে হাটুঁ পানি দেখতে পাওয়া গেছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ব্যপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আইয়ুব খান বলেন, সকাল বেলা ঘুম থেকে ওঠেই দেখি বিদ্যালয়ের প্রবেশ পথে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতর কারনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়। এছাড়া এলাকাবাসীদের যাতায়াতেও কষ্ট করতে হয়। দ্রুত রাস্তাটি সংস্কার করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করার দাবি জানাচ্ছি।

এ ব্যপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন বলেন, সামান্য বৃষ্টি হলে রাস্তাটি পানিতে তলিয়ে যায় ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

Exit mobile version