মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসার অংশীদার করার কথা বলে কাতারপ্রবাসী এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী জাহাঙ্গীর আলম।
রোববার সরাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম এ অভিযোগ করেন। তিনি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে। অভিযুক্ত হানিফ আহমেদ সবুজ পানিশ্বর ইউনিয়নের কালা মিয়ার ছেলে।
সরাইল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শামসুল আরেফিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌফিক আহমেদ তফসির।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ব্যবসায় অংশীদার করার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা নিয়েছেন হানিফ আহমেদ সবুজ। মেঘনা নদীতে ভলগেট স্টিলের নৌকা, ট্রাভেলস, চালের ব্যবসা এবং নদী থেকে বালু উত্তোলনের ব্যবসার কথা বলে তিনি কাতার থেকে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠান। ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময়ে তিনি ব্ল্যাংক চেকও দেন।
জাহাঙ্গীর আলম বলেন, পাঁচ বছর পার হলেও ব্যবসা থেকে কোনো লভ্যাংশ পাননি তিনি। এ নিয়ে হানিফকে চাপ দিলে তিনি কাতারে জাহাঙ্গীরের আলজেরীয় কফিলকে ভুল বুঝিয়ে সেখানে তার ব্যবসা-বাণিজ্য নষ্ট করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, কিছুদিন আগে গ্রাম থেকে সরাইল সদরে যাওয়ার পথে তার ব্যাংকের চেক ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। এ ঘটনায় তিনি সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে হারানো চেক ব্যবহার করে হানিফ তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেন। একই সঙ্গে নিজের নিরাপত্তা এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে সরাইল প্রেসক্লাবের বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
