The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে নিখোঁজের ১ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

Brahmanbaria Deadbody Recover Photo_15-3-16

মোহাম্মদ মাসুদ :: সরাইলে নিখোঁজের একদিন পর ফাহিম (১০) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিম পাড়ার ধন মিয়ার দ্বিতীয় ছেলে ফাহিম। আজ মঙ্গলবার সকাল ১০ টায় বাড়ি সংলগ্ন পুকুর থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করেছে। ফাহিমের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, সরাইল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারি ধন মিয়ার তিন ছেলের মধ্যে ফাহিম দ্বিতীয়। সে আলীনগর মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। গত সোমবার বাদ আছর একটি ডিম হাতে নিয়ে ফাহিম বাড়ি থেকে বের হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা। কিন্তু ফাহিম ফিরে আসছে না। পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুজি শুরু করে। গভীর রাত পর্যন্ত আত্বীয়-স্বজনের বাড়ি সহ কোথাও ফাহিমকে খুঁজে পাওয়া যায়নি। মা বাবা সহ পরিবারের কেউ সারা রাত ঘুমায়নি। আজ সকাল ৭টা থেকে ফাহিম নিখোঁজের বিষয়টি মাইকে প্রচার করা হয় গোটা সরাইলে। সকাল সাড়ে ১০টার দিকে ফাহিমদের বাড়ি সংলগ্ন পুকুরের পূর্ব-উত্তর কোণায় পানিতে ফাহিমের মাথা দেখতে পায় তার স্বজনরা। কাছে গিয়ে দেখা যায় পা নীচে মাথা উপরের দিকে পানিতে দন্ডায়মান ফাহিমের নিথরদেহ। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। সকাল ১১টায় সরজমিনে ফাহিমদের বাড়িতে গিয়ে যায় হ্নদয়-বিদারক দৃশ্য। ছেলের নির্মম অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছে না গর্ভধারিনী মা রুনা বেগম। চিৎকার করে কাঁদছেন। আর মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলছেন। মাটিতে লুটোপুটি খেয়ে কাঁদছেন পিতা ধন মিয়া। মাঝে মধ্যেই নির্বাক হয়ে যাচ্ছেন। তবে সন্তানের নিখোঁজ ও মৃত্যুর বিষয়ে তাদের কোন সন্দেহ বা অভিযোগ নেই বলে জানিয়েছেন।

Exit mobile version