The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে পাথর ও বালুবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়ে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মালিহাতা ও শান্তিনগরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় পাথরবোঝাই ও বালুবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকের চালক মোহাম্মদ হোসেন পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিম জানান, দুর্ঘটনার পর সকাল ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
Exit mobile version