The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০।মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

s1মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কুট্টাপাড়া ও খাঁটিহাতা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম জানান, বেলা সাড়ে ১১টার দিকে লোকাল বাসের ভাড়া বেশি নেয়াকে কেন্দ্র করে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের কালু মিয়ার সঙ্গে পাশ্ববর্তী খাঁটিহাতা গ্রামের মনু মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর পৌনে ১২টার দিকে খাঁটিহাতা ও কুট্টাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের কারণে মহাসড়কের দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সোয়া ১টার সংঘর্ষকারীদের সরিয়ে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

Exit mobile version