ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই ভবনে থাকা তিনটি এনজিও অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় রাব্বি মিয়া নামে এক হিসাবরক্ষক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুট্টাপাড়া এলাকায় মো. সামছুদ্দিন নান্টু মিয়ার ছয়তলা ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় পল্লী মঙ্গল, সিদীপ ও গাক এনজিওর কার্যালয় রয়েছে। রাত ৩টার দিকে একদল ডাকাত ভবনের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে।
পরে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে ভবনে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে বিভিন্ন কক্ষে আটকে রাখে। এরপর অফিস কক্ষের তালা কেটে ভেতরে ঢুকে ড্রয়ারে থাকা কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ সময় তৃতীয় তলায় থাকা হিসাবরক্ষক কর্মকর্তা রাব্বি মিয়া ডাকাতদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর সরাইল থানা পুলিশ, সরাইল সার্কেল পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
