The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে তিনটি ইটভাটায় র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান, ২১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় র্যাব-৯, পুলিশ, সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে তিনটি অবৈধ ইটভাটাকে মোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার পরিচালিত অভিযানে সরাইল থানাধীন শাহাবাজপুর ও গলানিয়া এলাকায় অবস্থিত তিনটি ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা স্থাপন সংক্রান্ত আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—
মেসার্স শিরিন ব্রিকস (শাহাবাজপুর), মেসার্স লিজা ব্রিকস (শাহাবাজপুর) এবং মেসার্স সিয়াম ব্রিকস (গলানিয়া)।
এর মধ্যে শিরিন ব্রিকস ও লিজা ব্রিকসের মালিক নেপাল চন্দ্র গোস্বামী (৫৭) এবং সিয়াম ব্রিকসের মালিক মো. আব্দুল হক (৭৫)।
অভিযানে প্রতিটি ইটভাটাকে ৭ লাখ টাকা করে জরিমানা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১) ধারার (ক) ও (খ) অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়।
জানা গেছে, অভিযুক্ত ইটভাটাগুলো কৃষিজমি ক্ষতিগ্রস্ত করা, খাল-বিল, হাওর ও পতিত জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছিল। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম, র্যাব-৯ সিপিসি ব্রাহ্মণবাড়িয়ার স্কোয়াড কমান্ডার এএসপি মো. আলমগীর হুসাইন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Exit mobile version