
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ডালিম নোয়াগাঁও গ্রামের ফজলুর রহমানের ছেলে। শ্রম বিক্রি করেই জীবন যাপন করতো সে। বুধবার রাত ৯টার পর কালিকচ্ছ বাজারের পশ্চিম পাশের নির্জন জায়গায় জিতুরা ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ডালিমের ওপর হামলা চালায়। তারা দা দিয়ে এলোপাতাড়ি কূপিয়ে ও ছুরিকাঘাতে ডালিমকে গুরূতর আহত করে সেখানে ফেলে যায়। পথচারীদের সহায়তায় পুলিশ ডালিমকে উদ্ধার করে প্রথমে সরাইল ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে ডালিম। হামলাকারীদের কয়েকজনকে ডালিম চিনতে পেরেছে। ছুড়ার আঘাতে ক্ষতবিক্ষত ডালিমের পিঠে ৩০টির ও অধিক সেলাই দেওয়া হয়েছে। আহত ডালিমের তথ্যের ভিত্তিতে ঘটনার পর থেকেই পুলিশ রাতে দিনে অভিযান করছে। এলাকা ছেড়ে পালিয়েছে ঘটনার নায়করা।
এ ঘটনায় গতকাল বিকেলে ডালিমের বড় ভাই মো. জসিম মিয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা করেছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন টিটো বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ দফায় দফায় অভিযান করছে।