মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাছের ডাল কাটতে গিয়ে গাছের ওপরই অজ্ঞান হয়ে পড়েন রাসেল মিয়া (৩০) নামে এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টায় তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে উদ্ধার করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের পাশে একটি গাছের ডাল কাটতে ওঠেন রাসেল। ডাল কাটার একপর্যায়ে হঠাৎ তিনি গাছের ওপর অজ্ঞান হয়ে পড়েন। এ সময় গাছের ডালের সঙ্গে আটকে থাকায় তাকে নিচে নামানো সম্ভব হচ্ছিল না। স্থানীয় লোকজন চেষ্টা করেও ব্যর্থ হলে সরাইল ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর তারা রাসেলকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
রাসেল মিয়া ওই গ্রামের মৃত মাফিজ মিয়ার ছেলে।
সরাইল ফায়ার স্টেশনের সাব-অফিসার ইদ্রিস আলী শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর ওই যুবককে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন তারা। বর্তমানে রাসেল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
