The voice of Brahmanbaria || Local news means the world is

সদর থানা পুলিশের অভিযান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মমিন গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মমিনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় দারমা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মমিন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

অভিযানের নেতৃত্ব দেয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গেল বছরের একটি মারামারি মামলায় মমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় পুলিশ । সে মামলায় মমিন পলাতক ছিল। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতার করা হয়। তাকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী খালেদা বেগমের স্বামী বাবুল মিয়ার সাথে আসামী মমিনের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০২২ সালের ২০ অক্টোবর মমিন, তার ভাই নবী হোসেন, মৃত আব্দুল হামিদের ছেলে বাইজিদ মিয়া ও মোদারেজ, মৃত আলী মাহমুদের ছেলে সাচ্চু মিয়া, মৃতফুল মিয়ার ছেলে পিয়ারা মিয়া হত্যার উদ্দেশ্যে বাবুল মিয়াকে দা ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় তারা টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে খালেদা বেগম মামলা করলে পুলিশ তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তাদের অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে।

Exit mobile version