The voice of Brahmanbaria || Local news means the world is

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা এ.কে. ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘শেরে বাংলা এ.কে. ফজলুল হকের কর্মজীবন’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস.এম. মজিবুর রহমান। তাঁর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা।
শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আহসান উল্লাহ।
সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও সাধারণ সম্পাদক আর.কে. রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, মিডিয়া ও নাট্যব্যক্তিত্ব আজিজুল হাকিম, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সহসভাপতি চিত্রনায়ক ডি.এ. তায়েব এবং মাইফ্রেশ ওয়াটার টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. লিওন চৌধুরী প্রমুখ।
সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা দীর্ঘ ২৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। তিনি স্থানীয় দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক।
সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কমিটির বিদ্যুৎসাহী সদস্য এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন পরিচালনা
কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন।
এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি, জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিট, ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সংস্থার আজীবন সদস্য।
Exit mobile version