The voice of Brahmanbaria || Local news means the world is

শেখ হাসিনার ফেরা ও পাসপোর্ট নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি রয়েছে: রুমিন ফারহানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে অসংগতি রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তথ্য উপদেষ্টার বিভিন্ন সময়ের বক্তব্য তুলে ধরে এ অসংগতির বিষয়টি সংসদের নজরে আনেন।
রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’-এর মতো শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাও তার সর্বশেষ উদাহরণ।
সরকারের বিভিন্ন কর্মকর্তার বক্তব্য তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান গত ৩ নভেম্বর বলেছিলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা তাঁকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই। সরকার তাঁর দেশে ফেরা ঠেকাতে চায় না। তিনি আরও বলেছিলেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার পরিকল্পনাও সরকারের নেই। তাঁকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার কথাও বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, গত ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা তিনি এখনো যাচাই করতে পারেননি। আবেদনের আইনগত ভিত্তি
পর্যালোচনা করে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়ার কথাও জানান তিনি।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের ৮ ও ১৪ নভেম্বরের বক্তব্যও তুলে ধরেন রুমিন ফারহানা। আইনমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভারতের হাতে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, সরকারের বক্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যায়, একদিকে তথ্য উপদেষ্টা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের আপত্তি নেই বলে জানাচ্ছেন, অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা নাকচ করছেন।
আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা যাচাই করা হয়নি, অথচ একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।সরকারের বিভিন্ন পর্যায়ের এমন পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য।
Exit mobile version