ব্রাহ্মণবাড়িয়ার মৌলভী পাড়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও তদন্ত চলছে। পারিবারিক বিরোধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

নিহত ব্যক্তির বাড়ি জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে শহরের মৌলভী পাড়ায় ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, আজ ভোর ৪টা ১২ মিনিটে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষটি থেকে শাহ ফরহাদ উদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, আগুন রাত প্রায় ৩টার দিকে লেগেছিল। কিন্তু ফায়ার সার্ভিসকে বিলম্বে খবর দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে বের হয়ে গেলেও কক্ষের ভেতরেই ছিলেন শারীরিকভাবে অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন আহমদ।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা নিউটন দাস আরও বলেন, ফরহাদ উদ্দিনের পারিবারিক বিরোধ ছিল। তাই অগ্নিকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।