The voice of Brahmanbaria || Local news means the world is

রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় সরাইলে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলা ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি জোট মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম এবং শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শেখ রমজান।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর বলেন দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপি জোটের মনোনীত প্রার্থী খেজুরগাছ প্রতীকের পক্ষে কাজ করা বাধ্যতামূলক কিন্তু বহিষ্কৃতরা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন। এমন তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Exit mobile version