The voice of Brahmanbaria || Local news means the world is

মোবাইলে লুডু খেলা নিয়ে বিরোধ, নাসিরনগরে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে লুডু খেলা নিয়ে বিরোধের জেরে রফিক মিয়া (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান মিয়া ও বশির আহমেদ মোবাইল ফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক মিয়া সেখানে গিয়ে খেলা দেখতে থাকেন। একপর্যায়ে তিনি খেলায় ভুল চাল দেওয়া হচ্ছে বলে মন্তব্য করলে সালমান ও বশির ক্ষুব্ধ হন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করে পরিস্থিতি শান্ত করলেও কিছুক্ষণ পর আবার উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় সালমান মিয়া রফিকের গলা চেপে ধরেন এবং তাকে কিল-ঘুষি মারেন। এতে রফিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই জিলু মিয়া অভিযোগ করেন, লুডু খেলাকে কেন্দ্র করে সালমান ও বশির রফিককে মারধর করেন। এরপরই তার মৃত্যু হয়।
তবে ঘটনার পর অভিযুক্ত সালমান মিয়া ও বশির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে কিল-ঘুষির আলামত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় রাত পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
Exit mobile version